বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

শীতকাল প্রেমিকার চাইতে ভালো, অন্তত বছরঘুরে সে একবার আসে নিয়ম করে...

শীতের রাতগুলো আমার ভীষণ প্রিয়। শীতের রাতগুলো জাগতে আমার খারাপ লাগেনা। পরেরদিন খুব সকালে উঠার তাড়া না থাকলে শীতের রাতগুলোতে আমার ঘুমাতে ইচ্ছে করেনা। প্রিয় কিছু গান শুনে বেশ আয়েশ করেই রাত কাটিয়ে দিতে পারি। তবে এক একদিন প্লে-লিস্টে শুধুমাত্র একটাই গান বারে বারে বাজতে থাকে।

শীত একটু একটু করে তার আগমনের কথা জানান দিচ্ছে, কাল রাত একটার দিকে জানালা খোলা থাকায় হাল্কা শীতল বাতাস গায়ে লাগছিল... এটা একটা সহজ ভালো লাগার অনুভূতি। পৃথিবীতে সাধারণত ভালোলাগার অনুভূতিগুলো অনেক কাঠখড় পুড়িয়ে পেতে হয়, কিন্তু যে কয়টা সহজে পাওয়া যায় তার মধ্যে শীতকালের এই ব্যাপারটা পেয়েও উপভোগ না করাটা আমার কাছে নিজের প্রতি নিজের অবিচার মনেহয়। ।

শীত আসার আগের সময়টা যেমন ভালো লাগে, ঠিক তেমনি যখন দেখি শীত এসে আস্তে আস্তে চলে যাচ্ছে তখন অদ্ভুত একটা হাহাকার কাজ করে মাঝেমধ্যে। শেষেরদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কম্বল ছেড়ে যখন কাঁথা গায়ে দিতে হয় তখন মনেহয় যেন প্রেমিকা সম্পর্ক ছিন্ন করার কথা বলছে!!
তারপর প্রেমিকার চলে যাওয়ার মতো করে একসময় শীতকাল চলে যায়... সুখের অনুভূতি অনুভব করে রাত জেগে বিলাসিতাও করা হয় না।

তারপরও শীতকাল প্রেমিকার চাইতে ভালো, অন্তত বছরঘুরে সে একবার আসে নিয়ম করে... কিন্তু যে প্রেমিকা একবার চলে যায় সে আর ফিরে আসেনা... ফিরে আসলেও শীতের কম্বলের মতো করে তাকে আর জড়িয়ে নেয়া যায় না :)

#লাইফ ইজ বিউটিফুল
_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন